বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ও শ্রেণীকক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটিং বিভাগের ৮ শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি বলেন, বহিষ্কারের সংখ্যা বাড়তে পারে।
বহিষ্কার শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ , শাহরিয়ার অপু, সজিব,সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত জেন-জি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় মার্কেটিং বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার অপুর সঙ্গে খেলা চলাকালে ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনার জেরে সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা চকবাজারে রাত সাড়ে ৮ টার দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীকে মারধর করে।
প্রত্যক্ষদর্শী পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন রানা বলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোহান, অপুর সঙ্গে পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী প্রান্ত আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তিন বিভাগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।










