মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের জাতীয় সংসদে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে ৫ জন করে সদস্য থাকবেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এ প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গতকাল বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে। আমরা সবাই আলোচনা করে এটি যে একটি বৈশ্বিক সমস্যা সে বিষয়ে আমরা সবাই একমত হয়েছিলাম। সারা বিশ্বেই এ সমস্যার প্রভাব ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা ও তাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলেন, উনাদের কাছে কিছু পরামর্শ আছে, সরকারি দল ও বিরোধী দল আমরা একসঙ্গে মিলে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি।
তিনি আরো বলেন, সে সময় আমি আমার বক্তব্যে বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যেকোনো আলোচনা, যে কারো সঙ্গে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, উনারাও যদি পাঁচজনের নাম দেন তাহলে এ ১০ জন ব্যক্তি বসে এ বিষয়গুলোর ওপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এ কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোন বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।
বিএনপির পক্ষ থেকে ৫ সদস্য হলো- জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর-৪ এর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ এর সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।










