খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ মঙ্গলবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের পাশাপাশি সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং খেলাধুলার চর্চাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় গত ২ মার্চ সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ সূচনা হয়েছিল। এরপর ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলার সফল সমাপ্তি শেষে আজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হলো। চলমান এ আসরের পর্দা নামবে আগামী ২৭ জুলাই।
উদ্বোধনী আসরের সফলতা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রথম আসরে মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রথম আসর শেষ হওয়ার পূর্বেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু করা হয়েছে। চলতি মাসের ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন ইতোমধ্যেই শুরু হয়েছে।
এবার ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং সারা বছরব্যাপী দেশে খেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে বলেও জানান আমিনুল হক।
জাতীয় পর্যায়ে উদীয়মান প্রতিভাদের অনুপ্রেরণা দিয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় ক্রীড়াঙ্গনকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। একই সাথে এ প্রতিযোগিতায় যারা ভালো পারফরম্যান্স করবে, বিকেএসপির মাধ্যমে তাদের উচ্চতর পড়াশোনা ও পেশাদার খেলাধুলার সার্বিক দায়িত্ব গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম।










