পটুয়াখালী জেলার দখল করা খাস জমি উদ্ধারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন ভূমি এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ শুক্রবার (২০জুন) জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ খাসজমিসহ জেলার খাসজমি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
বেদখল হওয়া খাসজমি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে আলী ইমাম মজুমদার বলেন, কারো মুখের দিকে তাকিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা যাবে না।
তিনি বলেন, খাসজমির মালিক ভূমি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড ও ভূমি সহকারী কর্মকর্তাগণ খাসজমি দেখভাল করে থাকে। খাসজমি রক্ষার দায়িত্ব জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড ও ভূমি সহকারী কর্মকর্তাদের। সংশ্লিষ্টদের অবহেলা ও উদাসীনতার কারণে দীর্ঘ সময়ে বিপুল পরিমাণ খাসজমি বেদখল হয়েছে।
কেউ প্রভাব খাটিয়ে, কেউবা জাল দলিল করে এ সব খাসজমি দখল করছে। খাসজমি যার দখলেই থাকুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ দখল উচ্ছেদর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ভূমি উপদেষ্টা।
মতবিনিময় সভায় পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে সংশ্লিষ্ট এসিল্যান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










