গাজীপুরের
বেশিরভাগ পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দিচ্ছেন। শনিবার
(১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই কর্মস্থলে ছুটেছেন শ্রমিকরা।
এখনো কিছু
কারখানায় নানা দাবিতে আন্দোলন অব্যাহত আছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গাজীপুরে
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৮টি কারখানা এখনো খোলা হয়নি।
মোগরখাল এলাকায় টি
এন জেট অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের
দাবিতে আজ সকালে বিক্ষোভ করেন। এ সময় হামলা ও ভাংচুরের আশঙ্কায় পাশের ইকো কুটিউর
লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
টি এন জেট
অ্যাপারেলসের শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে
মালিকপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। বেতন পরিশোধের জন্য তাদের অনুরোধ করা হলেও
মালিকপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এজন্য কারখানাটির শ্রমিকরা আজ আন্দোলনে
নামেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, গত সপ্তাহের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তবে পুরোপুরি স্বাভাবিক বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন।










