ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিন অভিযোগের বিষয়ে আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে সরে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ কথা জানান।
তিনি বলেন, আমরা আমাদের অভিযোগ তিনটির বিষয়ে ইসি থেকে আশ্বস্ত হয়েছি। আমরা আরও আশ্বস্ত হতে চাই। তারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে যেন আমরা আজকের মতো কর্মসূচি এখানে স্থগিত করি। সেজন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা সাময়িকভাবে এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।
ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনো ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালায়, কিংবা নির্বাচন চলাকালীন কোনো সিদ্ধান্ত গ্রহণে এদেরকে বাধ্য করে, তাহলে ছাত্রদল কী করতে পারে তা দুই দিনে দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদের হুমকি দেবেন না। আপনাদের যা করার করেন, আমাদের কাজ আমরা করব।










