সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে প্রশাসন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়া শুরু করে শাবিপ্রবি। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘গুচ্ছ প্রক্রিয়ায় না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার জন্য আমাদের শিক্ষকরা ভিসির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য কাজ করছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।’










