বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একদিকে সংস্কার চলবে, একদিকে নির্বাচন চলবে, কিন্তু তার আগেই অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দিয়ে আবার কেন্দ্র দখল করবে। এ সুযোগ বাংলাদেশের মাটিতে আর দেয়া হবে না বলে জানান তিনি। তাই নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করতেই হবে, এটা সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

আজ বুধবার (৫ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর সদরের বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে ১০০০ বান ঢেউটিন বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলের অবৈধ অস্ত্র এবং ৫ আগস্ট বিভিন্ন থানা লুটের অবৈধ অস্ত্র এখন মাঠে সন্ত্রাসীদের হাতে। আওয়ামী দোসররা এখন এ অস্ত্র দিয়ে সমাজে অপকর্ম করার জন্য আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। সমাজে একটা অস্থিরতা কাজ করছে। এজন্য এ সরকারকে বারবার বলছি, এখনো বলি, আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরো বেশি সজাগ থাকতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে যদি অস্ত্র উদ্ধার না করা হয়, তাহলে এ দেশে হানাহানি বাড়বে। অস্থিরতা বাড়বে, আইনশৃঙ্খলার আরো অবনতি হবে।

বুধবার দুপুরে জেলা শহরে নিজ বাসভবন বশির ভিলায় আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।