রংপুরে নিজ মাকে হত্যা মামলায় ছেলে জামিল মিয়াকে (২২) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি জামিল উপস্থিত ছিলেন। তিনি কাউনিয়া উপজেলার সীট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় মায়ের মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে জামিল মিয়া। সেইসঙ্গে মায়ের মরদেহ ঘরের মাটি খুঁড়ে পুতে রাখে। পরদিন সকাল থেকে জামিলা বেগমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ২৪ আগস্ট সন্ধ্যায় জামিলার ঘরে গিয়ে মেঝের মাটি উঁচু দেখতে পেয়ে জামিলকে আটক করে এলাকাবাসী। এ সময় জিজ্ঞাসাবাদ করা হলে জামিল মাকে হত্যার পর ঘরের মাটির নিচে পুঁতে রাখার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জামিলকে আটক করে থানায় নিয়ে যায় এবং জামিলার মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে। এ ঘটনায় জামিলার ভাই সামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত জামিলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আফতাব উদ্দিন আরো বলেন, আদালতের রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলের হাতে মায়ের হত্যা সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের একটি চুড়ান্ত পর্যায়ের উদাহরণ। আমরা চাই না সমাজে এমন ঘটনা আর ঘটুক।

আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।