গত ১৫ বছরে দেশ থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। তিনি জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন, পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাবেক ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু করেছেন। ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন।’
নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। তাদের প্রধান কাজ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেজন্য যে সময় প্রয়োজন, দেশের জনগণ তাদের সে সময় দেবে। এ সরকারের মেয়াদ মাত্র ১১ দিন। এ কয়েক দিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়।’








