বর্ষীয়ান অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজার আমাদের জন্য গতকালের বিষয়। কিন্তু ভবিষ্যৎ পূর্বে কিংবা এশিয়ায়। এক সময় যারা বিশ্বায়ন শিখিয়েছিল (যুক্তরাষ্ট্র), তারাই এখন সেখান থেকে ফিরে আসছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সেমিনারে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।
রেহমান সোবহান বলেন, নব্বইয়ের দশকের মতো আমদানি বিকল্প শিল্পায়নে ফিরতে চায় যুক্তরাষ্ট্র। তাই সারা বিশ্বে শুল্কারোপ করে নিজেদের দেশে আবার শিল্প ফেরাতে চায় তারা। এজন্য বিশ্ব বাণিজ্য সংস্থাকে অকার্যকর করে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প।
তিনি বলেন, ৫০ ও ৬০-এর দশকে পাকিস্তানে শুধু যুক্তরাষ্ট্রের গাড়ি দেখা যেত। এর পর সেখানে কোরিয়া, জাপান ও জার্মানি আসে। এখন রাস্তায় কোনো আমেরিকান ব্যান্ডের গাড়ি পাওয়া যায় না। এমনকি যুক্তরাষ্ট্রের খেলনার দোকানে ঢুকলেও সেখানে চীনের তৈরি খেলনা পাওয়া যায়। কিন্তু যুক্তরাষ্ট্র সেখান থেকে ফিরতে চাচ্ছে। তারা এখন প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই নতুন কর্মসংস্থান তৈরির জন্য শুল্কারোপ করা হচ্ছে। কিন্তু এতে প্রতিযোগী সক্ষমরা টিকবে না, টিকে থাকবে শক্তিমানরা। তাই এমন বাস্তবতায় বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। আমাদেরকে এশিয়ায় বাজার খুঁজতে হবে।










