কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় আশিকুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে ওঠে দেখি বাজারের উত্তরপাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি।
কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান আ খ ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।










