মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাদকাসক্ত জামাই সবুজ আহম্মেদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৭)। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোরে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইয়ের ছেলে আব্দুল্লাহ (২৫)। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইলিয়াস স্কুল পাড়ার মৃত নেকছার মন্ডলের ছেলে ও জামাতা সবুজ আহম্মেদ একই উপজেলার ষোলটাকা গ্রামের মঈনাল হোসেনের ছেলে।
আহত আব্দুল্লাহ জানান, ভোরে বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ বাড়িতে আসেন সবুজ আহম্মেদ। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় চড়াও হন স্ত্রীর ওপর। এক পর্যায়ে তার কাছে থাকা ছুরি বের করে স্ত্রী সালমা খাতুনকে ছুরিকাঘাত করতে যান সবুজ। সেখান থেকে পালিয়ে আসেন স্ত্রী। শুরু হয় তাদের মধ্যে বাকবিতণ্ডা। হট্টগোল দেখে পাশের কক্ষ থেকে ছুটে আসেন চাচা ইলিয়াস হোসেন ও আব্দুল্লাহ নিজে। ঠেকাতে গেলে ঐ ধারালো ছুরি ইলিয়াসের পেটে ঢুকিয়ে দেন সবুজ। পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ঠেকাতে গিয়ে আহত হন আব্দুল্লাহ। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইলিয়াস ও আব্দুল্লাহকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ইলিয়াসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন । আহত হওয়ায় আব্দুল্লাহকে ভর্তি করা হয় হাসপাতালে।
এদিকে এলাকাবাসী সবুজকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। পরে সেনাবাহিনীর সহযোগিতায় দুই ঘণ্টা পর পুলিশের হাতে তুলে দেয়া হয় সবুজকে।
কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন জানান, হাসপাতালে আসার আগেই মারা গেছেন ইলিয়াস। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাকি বিষয় মরদেহের ময়নাতদন্তের পর জানা যাবে।










