গত ৩১ জানুয়ারি শেষ হওয়া ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদলে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৯৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এ সময় সবচেয়ে বেশি ব্যয় করেছে টটেনহাম হটস্পার।

শেষ দিন মোট ১২টি ক্লাব দলবদলে সক্রিয় ছিল এবং এটি মধ্য মৌসুমের এই দলবদলের ব্যয় ২৯৫ মিলিয়ন পাউন্ডে নিয়ে যায়। ২০১৮ সালের শীতে সর্বোচ্চ ৪৩০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের রেকর্ড হয়েছিল। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ২০২১ সালের জানুয়ারিতে মাত্র ৭০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে, যা কিনা এবারের শেষ দিনের ব্যয়ের চেয়েও ১০ মিলিয়ন পাউন্ড কম।

প্রিমিয়ার লিগ থেকেই দুজন ডিফেন্ডার নিয়েছে নিউক্যাসল, আর ম্যানচেস্টার সিটি ও বার্নলে কিনেছে স্ট্রাইকার, যাতে ব্যয় হয়েছে ১ কোটির বেশি। আর্সেনাল ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লিখিয়েছেন গ্যাবনিজ স্ট্রাইকার পিয়েরে-এমারিক অবামেয়াং। ফ্রি এজেন্ট হওয়ায় তাকে কিনতে কোনো অর্থ ব্যয় হবে না কাতালানদের।

প্রিমিয়ার লিগের মোট ব্যয়ের প্রায় অর্ধেক করেছে তলানির পাঁচটি ক্লাব। এরা হলো এভারটন, নরউইচ, নিউক্যাসল, ওয়াটফোর্ড ও বার্নলে। অথচ গত বছর তলানির পাঁচটি দল ব্যয় করেছিল মাত্র ৫ মিলিয়ন পাউন্ড।

এ শীতে ইউরোপের অন্য চারটি বড় লিগ মিলে ব্যয় করেছে ৩৮০ মিলিয়ন ইউরো (৩১৭ মিলিয়ন পাউন্ড), যা কিনা প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের সম্মিলিত ব্যয়ের চেয়ে মাত্র ২ মিলিয়ন বেশি।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর নিট ব্যয় (ক্রয় ব্যয় থেকে আয় বাদ দিলে) ১৮০ মিলিয়ন পাউন্ড, যা ২০০৩ সালে শীতকালীন দলবদল চালুর পর সর্বোচ্চ। বিবিসি