আগামী ২৪ আগস্ট সকাল ১০টা থেকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে এ বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

গতকাল রাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেয়া হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। পরীক্ষা শুরুর পর বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু ওই সময় একই কারণে দেশের অন্যান্য অঞ্চলের ১৩ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। ওই দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভও চলে। এর মধ্যে একদল আন্দোলনকারী সংসদ এলাকায় প্রবেশ করতে গিয়ে পুলিশের লাঠিপেটার মুখেও পড়েন।

আন্দোলন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। তবে সরকার চট্টগ্রাম বোর্ড ছাড়া বাকি এলকায় পরীক্ষা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। কিন্তু আন্দোলনে নামা অনেক শিক্ষার্থী ১৩ জুলাইয়ের পরীক্ষায় বসেননি। এখন তাদের জন্য ২৪ আগস্ট পরীক্ষা নেয়ার কথা জানাল ঢাকা শিক্ষা বোর্ড।