দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চারজনের। আর চলতি বছরে মৃত্যুর সংখ্যা ৯। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মৃতরা দুজনই নারী। তাদের একজন বরিশাল বিভাগে এবং আরেকজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৬৮ জন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৫৪ জন রয়েছেন বরিশাল বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ৫২, ঢাকা মহানগরের বাইরে ৪৪, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০, চট্টগ্রাম বিভাগে ১৬, সিলেট বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।