রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে এক ভারতীয় নারীর মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই নারীর নাম শামীম সেলিম কাসিম (৬৬)। তিনি রাজধানীর বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন। আজ সকালে তার পরিবারের লোকজন তাকে হাসপাতালটিতে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং বিস্তারিত তদন্ত শেষে এ নারীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।