অন্তর্বর্তী সরকার যে কাজ শুরু করেছে নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর জনগণের জন্য যে কাজগুলো করা দরকার অন্তর্বর্তী সরকার সেগুলো শুরু করেছে। অনেকগুলো কাজ আমরা সম্পূর্ণ করতে পেরেছি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ডে নির্মিত একটি জাহাজ তুরস্কের কাছে হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে । বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পূর্ণ করব আমরা।

জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে তিনি বলেন, আমরা একটা ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। কখনো উপরের দিকে ওঠে, আবার কখনো নিচের দিকে নেমে যায়। আমি বিশ্বাস করি, এ শিল্প আগামীতে আরো শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিকে মজবুত করবে।

এদিন আনুষ্ঠানিকভাবে জাহাজের চাবি হস্তান্তর করেন উপদেষ্টা আদিলুর রহমান। তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠান নোপাসি শিপইয়ার্ড অ্যান্ড ট্রেনিং লিমিটেডের পক্ষে জাহাজের চাবি গ্রহণ করেন দেশটির বাণিজ্য বিষয়ক পরামর্শক বিল্লাহ বিউট্রি।

জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহ হেল বারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীসহ অনেকে।