স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনবল ঘাটতিসহ ট্যুরিস্ট পুলিশের সমস্যাগুলো সমাধানের মাধ্যমে এটিকে আরো সক্রিয় করা গেলে পর্যটন খাত তথা দেশের সার্বিক অর্থনীতিতে এটি বড় অবদান রাখবে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর কোনো অধিকার নেই। মব জাস্টিসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোথাও এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে যেন সড়কে চাঁদাবাজি, ছিনতাই না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, ট্যুরিস্ট পুলিশ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও তাদের জনবলের অনেক ঘাটতি রয়েছে। তাদের নিজস্ব কোনো থাকার জায়গা নেই। যানবাহনের সমস্যাসহ আরো কিছু সমস্যা রয়েছে। তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর একটা ভাড়া ভবনে অফিস পরিচালনা করছে। তাদের নিজস্ব ভবন দরকার। তা সত্ত্বেও তারা কিছু ভালো কাজ করছে। সমস্যাগুলো সমাধানের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশকে আরো সক্রিয় করা গেলে অনেক বেশি বিদেশী পর্যটক আমাদের দেশে আসবে।

তিনি আরো বলেন, ট্যুরিস্ট পুলিশের সংখ্যা অনেক কম হলেও ট্যুরিস্ট স্পটের সংখ্যা অনেক বেশি। তাই তাদের জনবল বাড়ানো দরকার।

এর আগে উপদেষ্টা ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান। সভায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের ওপর একটি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।