গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে এ সময়ে নতুন করে আরো ১ হাজার ১৩ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো প্রাণহানি হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো। এরমধ্যে হামের উপসর্গে ৬৮৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরো ৮৭৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সাথে এ সময়ে মোট ১৪ হাজার ২৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৩১ জন ছাড়পত্র পেয়েছেন।










