গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, দেশে
বর্তমানে দ্রব্যমূল্যসহ সব দিক দিয়ে স্থিতিশীলতা বিরাজ করছে। এটিকে নস্যাৎ করে দেয়ার
জন্য বিএনপি কুকিচিন সদস্যদেরকে হায়ার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
শনিবার (৬ এপ্রিল) বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ
শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারত বিরোধিতা প্রসঙ্গে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন,
এটি তাদের পুরনো রাজনীতি। কারণ ভারত মুক্তি সংগ্রামে আওয়ামী লীগের পরম বন্ধু। ভারতের
সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। তাদের প্রশিক্ষিত ৯৪ হাজার
সেনা সদস্য মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়েছে। সুতরাং
ভারত বিরোধিতা মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি অংশ। বিএনপি ভারতের বিরোধিতার যে আহ্বান
জানিয়েছে এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, এ ঈদেও তারা ভারতীয় পণ্য ব্যবহার করবে।
তারা ঈদে যেসব মসলা ব্যবহার করবে এর শতকরা ৯০ ভাগ মসলা ভারত থেকে আসবে। ভারতীয় মসলা
ছাড়া তাদের চলবে না।
তিনি তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতা-কর্মীদের
প্রসঙ্গে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ বিএনপি নেতা-কর্মীর ভারতের আগরতলার সঙ্গে ব্যবসা-বাণিজ্য
আছে। সুতরাং এটি তাদের ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।
মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশ একা চলতে পারে না। এক দেশ অপর দেশের
ওপর নির্ভরশীল হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন আমাকে সম্পর্ক রাখতে হবে, তেমনিভাবে
রাশিয়ার সঙ্গেও আমাকে সম্পর্ক রাখতে হবে। এমনকি মিয়ানমারের সঙ্গে আমাদের যে সম্পর্ক
খারাপ, তারপরও তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক রাখতে হবে। বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজ।
এখানে একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না।
মন্ত্রী বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয়
জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবার প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী ১৭০ জন সাধারণ
মানুষের মাঝে ঈদ সামগ্রী চাল, ডাল, সেমাই, দুধ, চিনি, ছোলাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ
করেন।










