চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের হাম চিকিৎসার পৃথক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুটি জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

জানা যায়, গত বুধবার হামের উপসর্গ নিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে বিভিন্ন কারণে তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বর্তমানে একই উপসর্গ নিয়ে হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন।

তিনি বলেন, এলাকায় হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। এ অবস্থায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।