বরিশালে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক ও এলাকা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১২টা থেকে টানা বৃষ্টিপাতে নগরীর বটতলা, সদর রোড, বান্দ রোড, কাউনিয়া, পলাশপুর, আমানতগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। 


বরিশাল আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত বরিশাল জেলায় ১২ ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ভোর ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ভারী বর্ষণে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬১ মিলিমিটার। আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত জেলার ৭৪ শতাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এদিকে কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নদী তীরবর্তী দুটি কলোনি হাঁটু পরিমাণ পানি প্লাবিত হওয়ায় সেখানে ঘরবন্দি রয়েছেন কয়েক হাজার মানুষ।


তবে জেলার কোথাও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়া বা দুর্ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি।