জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনের আয়োজন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। জাতীয় বাজেট ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের সেশন কার্যকর ভূমিকা রাখবে।
আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, বর্তমানে রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। সংসদ সদস্যদের তথ্য-উপাত্তনির্ভর বাজেট বিশ্লেষণে বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে সংসদ সদস্যরা সংসদ লাইব্রেরিতে অধ্যয়ন করে নিজেদের আরো সমৃদ্ধ করতে পারেন।
তিনি আরো বলেন, বাজেট বিষয়ে সংসদ সদস্যদের আগ্রহ এবং সংসদীয় উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ জাতির জন্য সুফল বয়ে আনবে।
সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে এ ধরনের কর্মসূচিতে সংসদ সদস্যদের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা জনপ্রত্যাশা পূরণে সহায়তা করছে বলেও স্পিকার জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংসদ একটি ব্যতিক্রমী সংসদ, যার কার্যক্রম দেশের প্রতিটি নির্বাচনী এলাকার মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অর্থনীতি, সমাজনীতি ও রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরো তথ্যভিত্তিক করতে বাজেট ডিব্রিফিং সেশন কার্যকর ভূমিকা রাখবে।
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বাজেট হেল্প ডেস্ক সংসদ সদস্যদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। আগে বাজেট-সংক্রান্ত তথ্য সংগ্রহে সংসদ সদস্যদের অনেক ভোগান্তি পোহাতে হতো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া। অনুষ্ঠানে বিরোধী দলের নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ, আমন্ত্রিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










