অর্থ আত্মসাতের অভিযোগে আনা মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি আগামীকাল বুধবার (১০ জুলাই) ধার্য করা হয়েছে। খবর বাসস।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির জন্য আজ মঙ্গলবার (৯ জুলাই) এ দিন ধার্য করে আদেশ দেন।

আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ কথা জানিয়েছেন। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসসহ ৭ জনের পক্ষে আবেদনটি করা হয়েছে।

দুদকের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত ১২ জুন অভিযোগ গঠন করেন ঢাকার একটি আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এ আদেশ দেন। বিচার শুরুর জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।

এ মামলায় অভিযুক্ত বাকি ১৩ জন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।