নিখোঁজের দুদিন পর সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার আটারদাগ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শ্রমিকের নাম ইয়াকুব আলী (২০)। তিনি এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইয়াকুব আলী। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুপুরে এনায়েতপুরের ইসলামপুর আটারদাগ এলাকায় সরিষা ক্ষেতে একটি মরেদহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, গত রোববার সন্ধ্যা থেকে তাঁত শ্রমিক ইয়াকুব আলী নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে এনায়েতপুরের ইসলামপুর আটারদাগ এলাকায় সরিষা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পতিভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আশা করছি দ্রুতই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে।










