দেশের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর তেজগাঁও ও মহাখালীতে বাবা-মেয়েসহ তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া রাজবাড়ী ও মাদারীপুরে আরো দুজন নিহত হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তি ও তার কিশোরী মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় তার কিশোর ছেলে আহত হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া একই থানাধীন মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

ট্রাকচাপায় নিহতরা হলেন রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। এ ঘটনায় আহত হয়েছে রফিকুল ইসলামের ছেলে নুর ইসলাম (১৪)।

পুলিশ জানায়, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। আহত নুর ইসলাম চিকিৎসাধীন।

তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে। তারা মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাস করতেন। রফিকুল ইসলামের দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

রাজবাড়ী: জেলার কালুখালীতে ট্রাকের ধাক্কায় নসিমনের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত আটজন। গতকাল বেলা পৌনে ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী (৩৫) গোয়ালন্দ উপজেলার ছব্দুল খঁা পাড়ার বাসিন্দা।

পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, ট্রাকের এক্সেল ভেঙে নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের কয়েকজন যাত্রী আহত হন। আলমাস আলী নামে একজন ট্রাকের চাকার নিচে পড়েন। পরে ট্রাকের সিমেন্ট সরিয়ে প্রায় ৪ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মাদারীপুর: নসিমনচাপায় জুবায়ের সরদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের সরদার মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার জলিল সরদারের ছেলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।