যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন হত্যা ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। একইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্তকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছে।

এতে আরো বলা হয়, এরইমধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। এ মুহূর্তে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটগুলো সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

অপরদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরো তথ্য প্রাপ্তির জন্য দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

মার্কিন তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস দূতাবাসকে অবহিত করেছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে এরইমধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণীর হত্যা মামলা করা হয়েছে। তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপগুলো সরাসরি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দিয়েছে।