পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তরুণ সমাজকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে ক্লাস ও বইমুখী করতে খেলাধুলার বিকল্প নেই। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সন্তানদের মেধা বিকাশ ও সঠিক পথচলায় অভিভাবকদের আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইলে কতটা সময় ব্যয় করছে সেদিকে মা-বাবাকে কড়া নজর রাখতে হবে। পারিবারিক সচেতনতাই পারে সন্তানকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে। পাশাপাশি সরকার নানা উদ্যোগ নিচ্ছে, এবং কাজ করে যাচ্ছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর এবং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।