নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বারোমারী সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবির গুলিতে আমিনুল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি সদস্য হাবিলদার মিনহাজ উদ্দিন ও আরেক চোরাকারবারি জায়দুল (৪০) আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে সীমান্তের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা। বিজিবি নেত্রকোনার ৩১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সকালে এ বিষয়ে বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত ৯টার দিকে বিজিবির ৩১ ব্যাটালিয়নের সদস্যরা হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বারোমারী সীমান্তে লক্ষ্মীপুর নামক স্থানে টহলরত অবস্থায় একটি চোরাকারবারি দল সুপারি মাথায় করে ভারতের দিকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হাবিলদার মিনহাজ উদ্দিনকে দা দিয়ে কোপ দিলে তিন গুরুতর আহত হন। আত্মরক্ষায় বিজিবি সদস্য মিনহাজ ২ রাউন্ড গুলি চালান। গুলিতে আমিনুল ইসলাম ও জায়দুল নামে দুই চোরাকারবারি গুলিবিদ্ধ হন। তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিনহাজ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে সাত বস্তা সুপারি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










