রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের একই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নিয়মিত বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় দেশের সার্বিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় জাতীয় সংসদের স্পিকার বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়েছে, তারা এ নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তুত এবং যেকোনো সময় তফসিল ঘোষণা করতে পারে।
তিনি আরো বলেন, তফসিল ঘোষণার পর বিএনপির প্রার্থী কে হবেন, সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছেন স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।










