স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সরকারের সব সেক্টর কাজ করছে। প্রতিটি মন্ত্রণালয় নিজেদের কর্মপরিকল্পনা নির্ধারণ করছে। বাংলাদেশ শুধু তার নিজের দেশেই নয়, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন বিষয়ে তার প্রভাব রেখে যাচ্ছে।’

মন্ত্রী গতকাল বিকালে সিরডাপ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশে সমন্বিত গ্রামীণ উন্নয়নের জন্য জলবায়ু সহনশীল জলজ ও মৎস্য চাষের প্রচার বিষয়ক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপস্থিত সুধীজনদের প্রতি এসব কথা বলেন৷ 

সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমরা লক্ষ করেছি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সঙ্গে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, সারা দেশে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের ধরন, খরা, ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ লাখ লাখ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।৷ জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রতি প্রভাব ফেলেছে। আমাদের সরকার এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় কাজ শুরু করেছে।’