দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার। ভবিষ্যতে খাদ্য নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ মে) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় খাদ্য উপদেষ্টা জানান, এরই মধ্যে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। চলতি মৌসুমে ১৪ লাখ টন চাল, সাড়ে ৩ লাখ টন ধান কেনা হবে।

বর্তমানে দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে খাদ্য মজুদ আছে ১৫ লাখ টন। যা গত বছরের এ সময়ে চেয়ে ৩ লাখ টন বেশি। তবে সন্তোষজনক অবস্থা সব সময় ঠিক রাখা যায় না উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার যোগ হচ্ছে।

খাদ্য শস্য আমদানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা প্রয়োজন মতো খাদ্য শস্য বিদেশ থেকে আমদানি করি। গত বছরও আমদানি করতে হয়েছে। তবে বোরোর মতো আমনও যদি ফলন ভালো হয়, তাহলে এবার আর চাল আমদানি করতে হবে না। তবে আমাদের প্রধান খাদ্য শস্য গম। এর পুরোটাই আমদানিনির্ভর। আমাদের ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা মাত্র ১০ লাখ টন। এতে ঘাটতি ৬০ লাখ মেট্রিক টন। এই ঘাটতি মূলত বেসরকারি খাত থেকে পূরণ হয়।

ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা কিছুটা কম জানিয়ে শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন মো. আলী ইমাম মজুমদার।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় আরো ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলমসহ অনেকে।