বরিশাল নগরীর ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদগাহে নামাজ আদায় করবেন। এছাড়া বরিশালে বড় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই মাদ্রাসা মাঠে এবং পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শর্ষিনা মাদ্রাসা প্রাঙ্গনে।

নগরীর কয়েকটি মসজিদে দুটি করে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এবাদুল্লাহ, কশাই এবং বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নগরীর আমতলার মোড় মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

এদিকে জেলার মধ্যে সবচেয়ে বড় জামাত হওয়া চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে জামাতে ইমামতি করবেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

এছাড়া পিরোজপুরের শর্ষিনা মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এখানে ইমামতি করবেন ছারছিনার পীর শাহ মো. মুহিব্বুল্লাহ।

ঝালকাঠির নেছারাবাদ জামে মসজিদে সকাল ৮টায়। এখানে ইমামতি করবেন মাওলানা খলিলুর রহমান। উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়।

এ ব্যাপারে জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর সভাপতি আব্দুল মান্নান বলেন, মহানগরে ৫ শতাধিক মসজিদের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে।