অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এর আগে রাত ৭টায় ২৬ মিনিটে সপরিবারে যমুনায় আসেন বিএনপির চেয়ারম্যান।

14b1fdd4-731a-4322-8770-8117b1b573b8

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রায় দুই ঘণ্টা যমুনায় ছিলেন তিনি। এসময় তাদের মধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতিসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টা বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপার্সন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দু’জনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন।