মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আবিদ হোসেন শোভন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় এ ঘটনা ঘটে। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের পরাজিত নৌকার পার্থী মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করেন শোভন ও ফরহাদ। এতে ক্ষিপ্ত হয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক প্রান্ত শেখ তার লোকজন নিয়ে এ হামলা চালায়। এ সময় তারা স্কুলশিক্ষক ফরহাদকে মারধর করেন। খবর পেয়ে তার ভাই শোভন এগিয়ে এলে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ পিস্তল ঠেকিয়ে শোভনের বাঁ পায়ে গুলি করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা হত্যাসহ একাধিক মামলার আসামি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।