‘নাশকতা চেষ্টার’ অভিযোগে মেহেরপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ
নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২৪ ডিসেম্বর) ভোরে বামন্দী
এলাকা থেকে তাদের আটক করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
ডিবি সুত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া
সড়কের বামন্দী ইউনিয়নের অলিনগর নামক স্থানে বিএনপি নেতাকর্মীরা নাশকতার লক্ষ্যে জড়ো
হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে জেলা বিএনপির দুই নেতাসহ নয়জনকে
আটক করা হয়। আটকদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম
অ্যান্ড অপস) আহসান খান জানান, হরতাল-অবরোধের নামে বিএনপি নেতাকর্মীরা নাশকতার অপচেষ্টা
করছিল। এসময় কয়েকজনকে আটক করা হলেও পালিয়ে যায় আরো কয়েক জন।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ
থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদের আদালতে সোপর্দ করা
হবে। তবে নাশকতার স্থান থেকে পালিয়ে যাওয়া কয়েক জনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।
আসামির সংখ্যা আরো বাড়তে পারে বলেও
জানান এ পুলিশ কর্মকর্তা।










