সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর ঘাটে খেয়ানৌকা ডুবে নিখোঁজ সামছুল ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৪০ ঘণ্টা পর আজ রোববার সকালে খেয়াঘাট সংলগ্ন নদীর চরের কিনারে ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। নিহত সামছুল ইসলাম সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রইছ আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, গত শুক্রবার রাতে ইঞ্জিনচালিত ফেরি নৌকাটিকে ধাক্কা দেয় বাল্কহেড। এতে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন সামছুল ইসলাম। অনেক খোঁজাখুজির পর পাওয়া যায়নি তাকে। আজ সকালে সুরমা নদীর চরের কিনারে তার মৃতদেহ ভেসে উঠে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।










