রাজবাড়ীতে মোটরসাইকেল ও দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষে জুয়েল মন্ডল নামে এক শিক্ষানবীশ আইনজীবির মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুরাপাড়া এলাকার নাজিমউদ্দিন মন্ডলের ছেলে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত জুয়েল মন্ডলের বন্ধু একই এলাকার বাসিন্দা রেজাউল মন্ডল গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে শিক্ষানবীশ আইনজীবি জুয়েল মন্ডল ও রেজাউল একটি মোটরসাইকেলে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। এ সময় তারা সোনাপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জুয়েল মন্ডলকে কালুখালী থেকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রাত ১১টার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।










