পুরাতন বছরকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে নতুন একটি বছরের। বাংলা বর্ষপঞ্জিতে আজ সোমবার শুরু হলো ১৪৩২ সনের দিন গণনা। নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে উৎসবের আমেজ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হবে ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। অবশ্য তার অনেক আগেই বর্ণিল সাজসজ্জা ও মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা গেছে, বর্ণিল সাজে সাজানো হয়েছে চারুকলা প্রাঙ্গণ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোরের আলো ফোটার পর থেকেই চারুকলা অনুষদের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। শিশুদের মধ্যেও দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
অবশ্য পুরো প্রাঙ্গণে শুধু শিল্পী-কলাকুশলী নন, দূরদূরান্ত থেকে আগেভাগেই অনেক মানুষ এসে ভিড় করেছেন। প্রিয়জনের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে অনেককে।
অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও রয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শোভাযাত্রার রুট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।










