ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা, আবেগ আর নাটকীয় মুহূর্ত। তবে এই আবহের মাঝেই মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের মেজাজ হারানোর ঘটনাও ঘটে। আর ঠিক সেখানেই আবেগ নিয়ন্ত্রণে রেখে যারা সেরা খেলোয়াড়সুলভ আচরণের পরিচয় দেয়, তাদের হাতেই ওঠে বিশ্বকাপের মর্যাদাপূর্ণ ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’। ফুটবলের এই বৈশ্বিক মহাযজ্ঞে যেসব দল অসাধারণ খেলোয়াড়সুলভ আচরণ ও পুরো টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখে, তাদেরই দেওয়া হয় এই সম্মানজনক পুরস্কার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে নেদারল্যান্ডস।

পুরস্কারটি ১৯৭০ সালে চালু করা হয়। তবে কেবল সেই দলগুলোকেই বিবেচনা করা হয়, যারা গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে (বর্তমান ফরম্যাটে রাউন্ড অব ৩২ এবং আগের ফরম্যাটে রাউন্ড অব ১৬) জায়গা করে নেয়। এই পুরস্কার জয়ের রেকর্ড ব্রাজিলের দখলে। দলটি সর্বোচ্চ চারবার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে। এরপর রয়েছে ইংল্যান্ড ও স্পেন, যারা তিনবার করে এ সম্মান অর্জন করেছে। আর আর্জেন্টিনা এ অ্যাওয়ার্ড পেয়েছে একবার।

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছিল। তবে শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ডাচদের। পুরো টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলেও নেদারল্যান্ডসের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেননি। এমনকি দলটি মাত্র তিনটি হলুদ কার্ড পেয়েছে, যা তাদের এই সম্মানজনক পুরস্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এক নজরে বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জয়ী দলসমূহ:

২০২৬: নেদারল্যান্ডস

২০২২: ইংল্যান্ড

২০১৮: স্পেন

২০১৪: কলম্বিয়া

২০১০: স্পেন

২০০৬: ব্রাজিল ও স্পেন

২০০২: বেলজিয়াম

১৯৯৮: ইংল্যান্ড ও ফ্রান্স

১৯৯৪: ব্রাজিল

১৯৯০: ইংল্যান্ড

১৯৮৬: ব্রাজিল

১৯৮২: ব্রাজিল

১৯৭৮: আর্জেন্টিনা

১৯৭৪: পশ্চিম জার্মানি

১৯৭০: পেরু