চাঁদপুর জেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৮৪টি। এর মধ্যে মাদ্রাসার সব বই এলেও মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণীর ছয় বিষয়ের বই পৌঁছেনি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সব বই পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এছাড়া জেলার ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর সব বই এসেছে।

সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সব বই এসেছে। অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান ও নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, জীবন ও জীবিকা এবং ইসলাম শিক্ষা বই এখনো পৌঁছেনি।

লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক্ষ মো. ইলিয়াছ মিয়া জানান, তার বিদ্যালয়েও অষ্টম শ্রেণীর দুটি এবং নবমের চারটি বই আসেনি।

শহরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা জানান, প্রাক-প্রাথমিকসহ সব শ্রেণীর বই তারা পেয়েছেন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, জেলার সব উপজেলায় প্রাথমিকের বই পৌঁছেছে। আজ সকালে শহরের বাবুরহাটে আনুষ্ঠানিকভাবে বই উৎসব হবে।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাধ্যমিক স্তরে মাদ্রাসার সব বই এসেছে। স্কুল পর্যায়ের কিছু বই এখনো পৌঁছেনি। আজ শহরের কালেক্টরেট ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণ শুরু করবেন তারা।