আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ প্রতিনিধি দল মনে করছে যে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল রয়েছে ও সঠিক পথেই এগোচ্ছে।

আইএমএফ-এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জ্জিওর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে এবং তারা ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের আগে হালনাগাদ আর্থিক তথ্য পর্যালোচনার জন্য আলোচনা শুরু করেছেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন- ঢাকায় আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সিওকহিউন ইউন।

ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, বাংলাদেশ শিগগিরই আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে পাবে। উল্লেখ্য, মোট ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে তিনটি কিস্তি ছাড় হয়েছে।

আইএমএফ দল কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, খেলাপি ঋণ পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে।

আইএমএফ প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে।

পরিদর্শন শেষে ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টার সঙ্গে একটি চূড়ান্ত বৈঠক ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আইএমএফ মিশন শেষ হবে।