বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ উইম্বলডনে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন। গতকাল সেমিফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে ৬-৭ (১/৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন তিনি। আগামীকাল ফাইনালে জিতলেই টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন শিরোপার স্বাদ পাবেন তিনি। 

গতবার সেমিফাইনালে আলকারাজের কাছে হেরেছেন মেদভেদেভ। এবার সেই হারের প্রতিশোধই হয়তো নেয়ার স্বপ্ন ছিল তার। প্রথম সেট দাপটে জিতে সেই লক্ষ্যেই এগোচ্ছিলেন। যদিও এর পরই দুর্দান্ত কামব্যাকে টানা তিন সেট জিতে ফাইনালে উঠে যান ২১ বছর বয়সী আলকারাজ। 

নারী সাবেক চ্যাম্পিয়ন ইলেনা রিবাকিনা এবারো উইম্বলডনে শিরোপার আশা জাগিয়েছিলেন। যদিও দ্যুতি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। তাকে সেমিফাইনালে থামিয়ে দিলেন চেক রিপাবলিকের বারবোরা ক্রেসিকোভ। বৃহস্পতিবার রাতে প্রথম সেট জিতেও শেষ পর্যন্ত ৬-৩, ৩-৬, ৪-৬ গেমে হেরেছেন এ কাজাখ খেলোয়াড়। আজ সন্ধ্যায় ফাইনালে ইতালির জেসমিন পাওলিনির মুখোমুখি হবেন ক্রেসিকোভা। দুর্দান্ত জমে ওঠা ম্যাচে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে ২-৬, ৬-৪, ৭-৬ (১০/৮) গেমে হারিয়েছেন পাওলিনি। 

রিবাকিনা অসুস্থতার কারণে উইম্বলডনের আগে ঘাসের কোর্টে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারলেও দুর্দান্ত টেনিস খেলে ঠিকই উঠে যান সেমিফাইনালে। এ পথে মাত্র একটি সেট হারেন তিনি।