শুক্রবার রাতে জামিলের মরদেহ পাওয়া গেলেও সর্বশেষ বৃষ্টির মরদেহের সন্ধান মেলেনি। তবে বৃষ্টির মৃত্যুর আলামত পাওয়া গেছে বলে যুক্তরাষ্ট্র পুলিশ তার ভাই জাহিদ হাসান প্রান্তকে নিশ্চিত করেছে। এ ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তিনি নিহত লিমনের রুমমেট ছিলেন।
জানা যায়, যুক্তরাষ্ট্রে ১৭ এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, লিমন ও বৃষ্টিকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন লিমনকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে, বিশ্ববিদ্যালয়ের কাছে
তার ছাত্রাবাসে। অন্যদিকে বৃষ্টিকে সর্বশেষ
দেখা যায় সেদিন সকাল ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।
বৃষ্টির ভাই জাহিদ হাসান বণিক বার্তাকে জানিয়েছেন, শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করে জানিয়েছে তারা আমার বোনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে। তবে এখন পর্যন্ত তারা মরদেহের সন্ধান বের করতে পারেনি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর তার বাসা থেকে পুলিশ একটি স্যাম্পল পায়, যেখানে বৃষ্টির শরীরের কোনো অংশের নমুনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই নমুনার ভিত্তিতেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়। এর আগে বোনের মৃত্যুর খবর জানিয়ে জাহিদ হাসান শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এ ঘটনায় হিশাম আবুঘরবেহ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে। হিশামকে জিজ্ঞাসাবাদ করার পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে।
লিমনের ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, লিমন-বৃষ্টি শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন। বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় বৃষ্টিকে নিয়ে লিমন অনেক ভালো ভালো কথা বলতেন। লিমন বলেছিলেন, তারা দুজন বিয়ের বিষয়েও ভাবছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৃষ্টির সহপাঠী ছিলেন সায়মুন ইসলাম। তিনি বণিক বার্তাকে জানান, তারা একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়ে পরিচিত হন।
সাইমন বলেন, ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয় এবং পরিবারকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অভিযুক্ত ব্যক্তির অতীত আচরণ নিয়ে জানা যায়, তার মধ্যে মানসিক সমস্যা বা অস্বাভাবিক আচরণের প্রবণতা ছিল। এর আগে সে নিজের মা ও ভাইকে আঘাত করার চেষ্টা করেছিল। যে কারণে তাকে পরিবার থেকে বের করে দেয়া হয়। অভিযুক্ত সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবুঘরবেহর মূলত শিকড় ফিলিস্তিনে, তবে যুক্তরাষ্ট্রেই তার জন্ম।










