উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির বাছাইপর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রাথমিকভাবে মানিকগঞ্জ জেলা দিয়ে শুরু এ চূড়ান্ত বাছাই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত। এ বাছাই কার্যক্রম মূল্যায়ন করবেন দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ ব্যাংকসূত্রে এ তথ্য জানা গেছে।

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, স্বাবলম্বী সমাজ গঠন এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় প্রাথমিকভাবে ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান।

প্রাথমিকভাবে এ কর্মসূচির আওতায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগের আট জেলা থেকে আবেদন নেয়া হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪ জন অর্থায়নের আবেদন করেন। এখন দ্বিতীয় ধাপে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে।

প্রথম পর্যায়ে পরিচালিত আবেদনের চূড়ান্ত বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ প্রক্রিয়ায় মানিকগঞ্জ জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের মধ্যে থেকে সাক্ষাৎকার ও সার্বিক মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।

ঢাকা পর্বের এ মূল্যায়ন কার্যক্রমে থাকবেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।