সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবি আদায়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছেন। ১ জুলাই শুরু হওয়া এ আন্দোলনের ফলে নয়দিন ধরে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। এ অবস্থায় কর্মবিরতির পাশাপাশি গতকালও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম গতকাল সন্ধ্যায় বণিক বার্তাকে বলেন, ‘আমাদের কর্মসূচি চলমান রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’ তখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি বলে তিনি জানান। 

এদিকে গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান করেন শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেন।