মাগুরা সদর উপজেলার গাংনী পাটোখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের বাদশা মোল্ল্যার ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, গতকাল সোমবার (২০ মার্চ) রাত ৮টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গাংনী পাটখালী সম্মিলনী বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিপ্লব ও রহমান গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শহিদুল, আম্মার ও মানিক আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এসআই মাসুম বিল্লাহ ও পুলিশ সদস্য রাকিব হাসানও আহত হন। আহতদের মধ্যে শহিদুলকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় হাসপাতালে ভর্তি আহত আম্মার ও মানিককে আটক করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।










