ওয়াইল্ডকার্ড নিয়ে খেলা ইউক্রেনের এলিনা সভিতোলিনা শীর্ষ বাছাই ইগা সিয়ানতেককে বিদায় করে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৭ (৫/৭), ৬-২ গেমের জয় তুলে নেন তিনি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মারকেতা ভনদ্রোসোভা। ফ্রেঞ্চ ওপেনের সাবেক রানারআপ আজ ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হারান চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে।

 

গত অক্টোবরে মা হওয়া সভিতোলিনা টেনিসে ফেরেন এ বছর এপ্রিলে। ফেরার পর তিনি ফ্রেঞ্চ ওপেনে আলো ছড়ান। এবার উইম্বলডনেও দুর্দান্ত গতিতে ছুটছেন। জয় শেষে ২৮ বছর বয়সী খেলোয়াড় বলেন, ‘‌এই অনুভুতি অবিশ্বাস্য, ভাষায় প্রকাশ করার মতো নয়।’

 

তার জয়টি আরেকটি কারণে বিশেষ আবেগের। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই তিনি এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। এ বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে রাশিয়া ও তার মিত্র বেলারুশের কোনো খেলোয়াড়ের সঙ্গে ম্যাচ শুরুর আগে ও পরে হাত পর্যন্ত মেলান না তিনি। এ নিয়ে মাঝেমধ্যে বিতর্কের সৃষ্টি হলেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।


 

ইগাকে হারানো নিয়ে তিনি বলেন, ‘‌ইগা শুধু একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ই নয়, সে অসাধারণ মানুষও। সে-ই প্রথম খেলোয়াড় যে ইউক্রেনের মানুষের সাহায্যে প্রথম এগিয়ে আসে। তার মতো এমন একজন মানুষের বিপক্ষে খেলা সহজ ছিল না।’

 

আজ পুরুষ এককে ছেলেদের কোয়ার্টার ফাইনালে রাশিয়ার আন্দ্রেই রুবলেভের মুখোমুখি হয়েছেন রেকর্ড ২২ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শেষ আটের আরেক ম্যাচে ইতালির ইয়ান্নিক সিনারের মুখোমুখি রাশিয়ার রোমান সাফিউলিন।