দেশের প্রথম ক্যাশলেস জেলা কারাগার ঘোষণা করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারকে। আজ রোববার কারা অধিদফতর জানায় এখন থেকে এ কারাগারে বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল ও নগদ টাকাবিহীন (ক্যাশলেস) হবে।
কারা কর্তৃপক্ষ জানায়, আধুনিক ও সুরক্ষিত ডিজিটাল ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কারাগারে বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। একই সঙ্গে আরএফআইডি বন্দি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে বন্দিদের নির্ভুল গণনা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন এ নিয়মে, বন্দিদের আত্মীয়-স্বজনরা কারাগারে এসে তাদের জন্য যে অর্থ প্রদান করবেন, তা ভার্চুয়ালি বন্দির নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হবে। এরপর তারা তাদের কাছে থাকা আরএফআইডি কার্ডের মাধ্যমে ক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কেনাকাটা করতে পারবে। এর ফলে কারাগারের ভেতরে তাদের কোনো ধরনের নগদ টাকার লেনদেন করতে হবে না। একই সঙ্গে বন্দিদের সঠিক অবস্থান ও নিরাপত্তা তদারকি আরো জোরদার হবে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়েছে। এতে কারিগরি সহযোগিতায় করেছে ডিকোড ল্যাব এবং কারা অধিদপ্তরের প্রিজন্স আইসিটি সেল।










